পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ দেশটির সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানান।
পরিদর্শনকালে দুই দেশের পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং উন্নয়ন-অগ্রগতির সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পাকিস্তানের পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশ থেকে সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বাংলাদেশ ও পাকিস্তানের উন্নয়ন, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের ঐতিহাসিক হলরুম পরিদর্শন করেন।
এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক হলরুমটির ঐতিহাসিক গুরুত্ব এবং দেশটির সংসদে আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশি প্রতিনিধিদলকে বিস্তারিত ধারণা দেন।
সফরের এ পর্বে দুই দেশের সংসদীয় ঐতিহ্য, গণতান্ত্রিক চর্চা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়।
বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদের এ সফর দুই দেশের পার্লামেন্টের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য এবং সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: জাতীয় সংসদের স্পিকার ও সংসদীয় কার্যক্রমসংক্রান্ত সংবাদ
তথ্য প্রকাশ: https://totthoprokash.com
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 



















