নাটোরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা নিরাপদ খাদ্য সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
সভায় জেলা প্রশাসক বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়েছে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সারাদেশে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে প্রচলিত খাদ্যের রাসায়নিক পরীক্ষা এবং নিয়মিত অভিযান পরিচালনা করে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করা হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নেয়ামুল হাসান নীপের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন ও সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।
সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলার বিভিন্ন কার্যক্রম, খাদ্য পরীক্ষার ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নাটোর প্রতিনিধি 




















