ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে জাহিদুল (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাজেদুল শেখ নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত জাহিদুল উপজেলার ময়না ইউনিয়নের ইছাখালী গ্রামের মিল্টন শেখের ছেলে। আহত সাজেদুল একই গ্রামের কাইয়ুম শেখের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কিশোর ট্রেনের ছাদে উঠে দৌড়াদৌড়ি করছিল। চতুল উচ্চ বিদ্যালয়ের কাছে রেললাইনের পাশের একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে তারা ধাক্কা খায়। এতে দুজনই ট্রেনের ছাদ থেকে ছিটকে রেললাইনের পাশে পড়ে যায়।
দুর্ঘটনায় জাহিদুল ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত সাজেদুলকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল কৃষ্ণ রায় জানান, সাজেদুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন। মরদেহ উদ্ধারের পর রাজবাড়ী রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে। তারাই এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
ফরিদপুর প্রতিনিধি 



















