নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও অননুমোদিতভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযুক্তদের কাছ থেকে মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যবহৃত ২০টি গ্যাসের চুলা জব্দ করা হয়েছে।
বুধবার নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নরসিংদী শহরের পাটপট্টি, দত্তপাড়া, শাপলা ও বাসাইল এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট সংযোগগুলো বিচ্ছিন্ন করে অবৈধভাবে ব্যবহৃত গ্যাসের চুলাগুলো জব্দ করা হয়।
অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া ও অনুমোদন ছাড়া গ্যাস ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর প্রযোজ্য ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। পৃথক সাতটি মামলায় মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া এবং তা আদায় করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও নরসিংদী জেলা পুলিশ সহযোগিতা করে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও গ্যাস ব্যবহারে শৃঙ্খলা নিশ্চিত করতে অবৈধ সংযোগ এবং অনুমোদনবিহীন গ্যাস ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নরসিংদী প্রতিনিধি 
















