জাতিকে উন্নতির পথে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে জ্ঞানভিত্তিক রাজনীতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা যৌথভাবে এ আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, শুধু রাজনৈতিক স্লোগানের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলা সম্ভব নয়। এজন্য জ্ঞানচর্চা ও জ্ঞানের বিকাশ প্রয়োজন। ভবিষ্যতে বিএনপিকে এগিয়ে নিতেও জ্ঞানভিত্তিক রাজনীতির প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বইমেলা আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, জাতীয়তাবাদী রাজনীতির ক্ষেত্রে এ ধরনের বইমেলা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা ও বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি দাবি করেন, স্বাধীনতার পর দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং পরবর্তীতে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন।
১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। ওই সময়কার সহিংসতা, রাজনৈতিক হত্যাকাণ্ড ও গুমের বিভিন্ন অভিযোগ তুলে ধরে তিনি বলেন, সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল ছিল।
আইনমন্ত্রী আরও দাবি করেন, ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করে রাজনৈতিক কর্মকাণ্ড ও গণতান্ত্রিক চর্চার সুযোগ তৈরি করেছিলেন। তাঁর মতে, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রেও পরবর্তী সময়ে পরিবর্তন আসে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী।
তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, দেশের স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁর মতে, কৃষি, শিল্প ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি স্বনির্ভরতার লক্ষ্যেও জিয়াউর রহমান বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন।
কাদের গনি চৌধুরী আরও বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৭৬ সালে রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের সুযোগ তৈরি হওয়ায় দেশে বিভিন্ন রাজনৈতিক দলের পুনরায় সক্রিয় হওয়ার পথ উন্মুক্ত হয়।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান রাজনীতিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তাঁর নেতৃত্বে বিএনপি পরবর্তীতে জনগণের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে।
জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি সাইদুর রহমান মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 

















