ফেনীর সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
শনিবার সকালে জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, চশমা, থ্রি-পিস, ওষুধ, কাঠসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফেনী প্রতিনিধি 


















