ঝিনাইদহের কোটচাঁদপুরে দূরপাল্লার বাসের চাপায় নুর ইসলাম (৪৫) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় এখনো সেটি শনাক্ত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম কোটচাঁদপুর শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আনছার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ি থেকে কর্মস্থলের একটি হোটেলে যাওয়ার পথে আম বাজার এলাকায় পৌঁছান নুর ইসলাম। এ সময় ঢাকাগামী একটি দূরপাল্লার বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে কোটচাঁদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘাতক বাস ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি 


















