সাতক্ষীরায় বিচার বিভাগের বিভিন্ন সমস্যা ও জটিলতা চিহ্নিত করে সেগুলোর বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে বিচারিক কার্যক্রমে আরও গতি আনার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার সকাল ৯টার দিকে সাতক্ষীরা জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, স্থানীয় আদালতের কার্যক্রম পরিচালনায় যেসব সমস্যা ও সংকটের কথা তিনি জানতে পেরেছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে এসব জটিলতা দূর করে বিচার বিভাগের কার্যক্রম আরও কার্যকর করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
পরে সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি দমন এবং সুশাসন নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে আইনমন্ত্রীর।
সাতক্ষীরা প্রতিনিধি 



















