স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রি প্রিটোরিয়াস। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড ছাড়িয়ে তিনি খেলেছেন অপরাজিত ১৮৮ রানের দুর্দান্ত ইনিংস।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে পুল ‘বি’র ম্যাচে নাইটসের বিপক্ষে টাইটান্সের হয়ে মাত্র ৭৯ বলে ১৮৮ রান করেন ২০ বছর বয়সী প্রিটোরিয়াস। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কার মার।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করার পর ৪০ বলেই পৌঁছে যান শতরানে। সেঞ্চুরির সময় তার ব্যাট থেকে আসে ১২টি চার ও ৬টি ছক্কা। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। ৫৮ বলে ১৫০ রান পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার।
গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে শেষ দিকে প্রয়োজন ছিল আরও কিছু রান। ইনিংসের ১৯তম ওভারের প্রথম দুই বলেই ১০ রান তুলে সেই অপেক্ষার অবসান ঘটান প্রিটোরিয়াস। শেষ পর্যন্ত ৭৯ বলে ১৮৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
এর আগে ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্রিস গেইল। ১৩ বছর ধরে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল তার দখলে।
প্রিটোরিয়াসের রেকর্ড গড়া ইনিংসে ভর করে টাইটান্স ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে। জবাবে নাইটস ১৭.২ ওভারে ১৪৩ রানে অলআউট হলে ১২৪ রানের বড় জয় পায় টাইটান্স।
আন্তর্জাতিক ক্রিকেটেও দক্ষিণ আফ্রিকার হয়ে ইতোমধ্যে খেলেছেন প্রিটোরিয়াস। এখন পর্যন্ত ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টিতে তার রান যথাক্রমে ২৩৫, ১৪২ ও ৪২৭। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯১ ম্যাচে তার সংগ্রহ ২ হাজার ৫৭৭ রান।
খেলাধুলা ডেস্ক 


















