হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও অনলাইন জুয়া খেলার অ্যাপস জব্দ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ৩টার দিকে এসআরবি-৯-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল উপজেলার খাদ্যগুদাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অনলাইন জুয়া কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, চুনারুঘাট উপজেলার শানখলা এলাকার শফিক মিয়ার ছেলে আনারুল মিয়া (২৬), একই এলাকার আব্দুল হামিদের ছেলে আব্দুর রউফ (৩৫), হবিগঞ্জ সদর উপজেলার ইয়ালা মক্রমপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শরীফ উদ্দিন (২১) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের আব্দুল মোনাফের ছেলে মনু মিয়া (৪৯)।
অভিযানকালে তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন ও অনলাইন জুয়া খেলার অ্যাপস জব্দ করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক চারজনকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করেছে এসআরবি।
এদিকে, অনলাইন জুয়া ও এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: দেশের সর্বশেষ সংবাদ ও গুরুত্বপূর্ণ খবর পড়ুন তথ্য প্রকাশে।
হবিগঞ্জ প্রতিনিধি 























