‘টিম ওয়ার্ক বিল্ডস বিজনেস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘বিসিআইএ ফুটবল কাপ ২০২৬’।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআইএ) উদ্যোগে আগামী ২৭ নভেম্বর রাজধানীর পূর্বাচলের বেরাইদ অ্যাথলেট হাবে শুরু হবে এ ফুটবল টুর্নামেন্ট। এতে দেশের ১২টি স্বনামধন্য সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নেবে।
টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। একই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ম্যাচের ড্র এবং অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন।
সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও বিসিআইএর পরিচালক আব্দুল হাকিম সুমন প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিআইএর সভাপতি ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রাশিদ মাইমুনুল ইসলাম, মহাসচিব এরফান উদ্দিন এবং পরিচালক হামজা সাকিফ তাবানী।
অনুষ্ঠানে বিসিআইএ সভাপতি মইনুল ইসলাম বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে খেলাধুলার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দলগত কাজের মানসিকতা, পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি প্রতিষ্ঠান হলো—বিসিএল সিরামিকস, আলী সিরামিকস, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিকস, আরএকে সিরামিকস, স্টিলা সিরামিকস ও শেলটেক সিরামিকস।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে ভিড্রেস ইন্ডিয়া সিরামিকস। গোল্ড স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে চীনের কেডা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ফোশান হে হে গ্লেজ টেকনোলজি, চায়না গ্লেজ বাংলাদেশ এবং সিরামিন এফজেড এলএলসি।
এ ছাড়া সহযোগী পার্টনার হিসেবে রয়েছে ফোশান ডংহাই টেকনোলজি, এফসিআরআই ইম্পোর্ট ও এক্সপোর্ট, প্রাইম সিয়াম ইন্টারন্যাশনাল এবং গিমপেক্স প্রাইভেট লিমিটেড। ব্যাংকিং পার্টনার হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক এবং ফাইন্যান্স পার্টনার হিসেবে যুক্ত হয়েছে আইপিডিসি।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতা কেবল একটি ফুটবল টুর্নামেন্টে সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের সিরামিক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে।
শিল্প খাতের পেশাজীবীদের মধ্যে দলগত কাজের সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি এ আয়োজন করপোরেট পর্যায়ে ক্রীড়াচর্চার নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:
- বেসরকারি বিনিয়োগ বাড়াতে সংস্কার ও অর্থায়নে সহযোগিতা জোরদার করবে এডিবি
- মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত
সংবাদ ও সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন: তথ্য প্রকাশ – Tottho Prokash
খেলাধুলা ডেস্ক 






















