চট্টগ্রাম নগরীতে জাল ভিসা তৈরি ও প্রতারণার অভিযোগে একটি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, জাল ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।
আজ নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকায় বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলায় অভিযান চালিয়ে আব্দুল মাবুদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেফতার আব্দুল মাবুদ নগরীর ফিরিঙ্গীবাজার বংশাল রোড এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, একটি কম্পিউটার, সিপিইউ, প্রিন্টার, কিবোর্ড, মাউস, তিনটি সিল এবং প্রায় ৫ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে জাল ভিসা তৈরি ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় প্রতারণা, জালিয়াতি ও পাসপোর্ট-সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আব্দুল মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায়ও প্রতারণা, জালিয়াতি ও সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।
জাল ভিসা তৈরি ও প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: জাতীয় ও অপরাধবিষয়ক সর্বশেষ সংবাদ | বাংলাদেশের সর্বশেষ খবর
চট্টগ্রাম প্রতিনিধি 























