ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর বিদায়ের পর আগামী আসরের জন্য নতুন প্রধান কোচ খুঁজতে হবে দলটিকে।
আইপিএল-সংক্রান্ত আরও খবর পড়ুন।
মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে জয়াবর্ধনের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। তাঁর অধীনে তিনবার আইপিএলের শিরোপা জেতে মুম্বাই। ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই লঙ্কান কিংবদন্তি।
২০২৪ সালের আইপিএলে মুম্বাইয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর ২০২৫ সালে আবারও প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন জয়াবর্ধনে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় মেয়াদে দলকে শিরোপা জেতাতে পারেননি এই কোচ। ২০২৫ ও ২০২৬ সালের আসরেও পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করে মুম্বাই।
বিদায়বেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন জয়াবর্ধনে। তিনি বলেন, গত এক দশক ধরে মুম্বাই ইন্ডিয়ান্স তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই এই দলের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তিনি। তাঁর কাছে দলটি একটি পরিবারের মতো, আর এখানকার অভিজ্ঞতা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
জয়াবর্ধনে আরও জানান, দলের সঙ্গে একসঙ্গে অর্জন করা সাফল্য নিয়ে তিনি গর্বিত। মুম্বাই ইন্ডিয়ান্স সব সময় তাঁর হৃদয়ে বিশেষ জায়গা দখল করে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে দলটির আরও সাফল্য কামনা করেন সাবেক এই শ্রীলঙ্কান অধিনায়ক।
এদিকে জয়াবর্ধনেকে ধন্যবাদ জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি। তাঁর মতে, দলটির সাফল্যের পেছনে জয়াবর্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর নেতৃত্ব, দায়িত্ববোধ এবং ফ্র্যাঞ্চাইজিটির প্রতি ভালোবাসার প্রশংসা করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন নীতা আম্বানি।
জয়াবর্ধনের বিদায়ের পর এখন মুম্বাইয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন প্রধান কোচ নিয়োগ। আইপিএল ২০২৭-এর প্রস্তুতির অংশ হিসেবে খেলোয়াড় ধরে রাখার প্রক্রিয়ার আগেই কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।
নতুন কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ও চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। এ ছাড়া অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়োইন মরগানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে।
তবে এখন পর্যন্ত নতুন প্রধান কোচ হিসেবে কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে আইপিএলের আগামী আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগআউটে কে দায়িত্ব পালন করবেন, তা জানতে অপেক্ষা করতে হবে সমর্থকদের।
খেলাধুলা ডেস্ক 


















