কুমিল্লা নগরীতে অপরিপক্ব কলা রাসায়নিক ব্যবহার করে পাকানোর অভিযোগে হালিমের কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর স্টেশন রোড ও রেইসকোর্স এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, হালিমের কলার আড়তে অপরিপক্ব কলা রাসায়নিক ব্যবহার করে পাকানোর প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসমক্ষে মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়।
সোমবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নগরীর বিভিন্ন মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তাঁকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিনসহ কুমিল্লা জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা প্রতিনিধি 






















