হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের লাগেজ চুরির অভিযোগ পায় এপিবিএন।
এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই ফ্লাইটে আসা জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে মঙ্গলবার বিমানবন্দর থানায় জসিমের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহার অনুযায়ী, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল।
এপিবিএন জানায়, বিমানবন্দর থানা ও চাঁদপুরের কচুয়া থানার সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। পরে কচুয়া এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জসিম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















