ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর বক্তব্যের প্রেক্ষাপট যথাযথভাবে বিবেচনা করে প্রকাশিত সংবাদ প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় এ আহ্বান জানায়। জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে এতে উল্লেখ করা হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, কয়েকটি প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনায় মন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে উঠে আসেনি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাকে কেন্দ্র করে প্রকাশিত কিছু শিরোনাম ও বক্তব্যের উপস্থাপন পাঠকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেছেন, দেশের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, মন্ত্রীর বক্তব্যের যথাযথ অর্থ ও তাৎপর্য বুঝতে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করা হলে মূল বক্তব্য সম্পর্কে ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে।
সংবাদ সংশোধনের অনুরোধ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি মন্ত্রীর বক্তব্যের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন এবং যথাযথ তথ্য উপস্থাপনের অনুরোধ জানিয়েছে।
মন্ত্রণালয় বস্তুনিষ্ঠতা, পেশাগত দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমগুলোর সহযোগিতা কামনা করেছে।
আরও পড়ুন: জাতীয় সংবাদ |
নিউজ ডেস্ক 


















