জাপানে টয়োটা মোটর করপোরেশনের মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি কারখানার বিভিন্ন উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর গাড়ি সংযোজন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় টয়োটার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে কারখানার গাড়ি উৎপাদন, সংযোজন এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। প্রধানমন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ পরিদর্শন করে উৎপাদন ব্যবস্থাপনা ও গাড়ি সংযোজনের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া সফরসঙ্গীদের মধ্যে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্য কর্মকর্তারা।
টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা আধুনিক শিল্প উৎপাদন, গাড়ি সংযোজন এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পান।



















