দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারির পর রোববার (১ নভেম্বর) বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার বিধান অনুসারে নিম্নতম মজুরি বোর্ডের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।
অন্য একটি প্রজ্ঞাপনে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে পোশাকশিল্পের জন্য এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
এর আগে শনিবার সকালে সচিবালয়ে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেয়।
নতুন এই বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে যাবে। তবে নতুন মজুরির পরিমাণ কত হবে, তা বোর্ডের পর্যালোচনা ও সুপারিশের পর নির্ধারিত হবে।
নিজস্ব প্রতিবেদক 















