বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ (নবম পে-স্কেল) বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেছেন বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
চিঠিতে বলা হয়েছে, দেশের শিক্ষাখাতের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিত করা এবং সার্বিক কর্মপরিবেশ উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
এতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাখাতে বাজেটের বরাদ্দ বাড়ানোর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্য রয়েছে।
মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাঁদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে।
সব মিলিয়ে নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
চিঠিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিভাগের অনুকূলে এই অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে বরাদ্দের বিষয়ে অর্থ বিভাগের সিদ্ধান্ত এবং নতুন পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সরকারি নির্দেশনা এখনো বাকি।
নিজস্ব প্রতিবেদক 
















