দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক-রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত ‘সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম সমাজ ও রাষ্ট্রের বাস্তব চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা অপরিহার্য। যাচাই-বাছাই ছাড়া ভিত্তিহীন কিংবা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হলে তা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করতে পারে। এতে রাষ্ট্রের পাশাপাশি সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়।
সভায় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার নৈতিকতা এবং পেশাজীবীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
সাংবাদিকদের বেতন-ভাতা বৃদ্ধি ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিকে যৌক্তিক উল্লেখ করে মীর হেলাল বলেন, এ বিষয়ে গণমাধ্যম প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে। অর্থনীতির অগ্রগতি ও সংবাদমাধ্যমের আয় বৃদ্ধি পেলে সাংবাদিকদের আর্থিক অবস্থার উন্নয়ন আরও সহজ হবে।
স্থানীয় সাংবাদিকদের আবাসন ও কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাংবাদিকদের জন্য জমি সংক্রান্ত সহযোগিতা এবং বহুতল অবকাঠামো সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি ক্লাবটি প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে প্রেস ক্লাবে তাঁর নামফলক পুনঃস্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
দেশের শিল্প ও শ্রম খাতের পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গাজীপুরের শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে নাশকতা চালিয়ে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে তথ্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল), চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
এ ছাড়া কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত অনুদানের একটি চেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাসসের প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 

















