সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার বিষয়টি তিনিও বিভিন্ন সংবাদমাধ্যমের স্ক্রল নিউজে দেখেছেন। তবে এখন পর্যন্ত এ খবরের সত্যতা নিশ্চিত হতে পারেননি তিনি।
আবেদন করার আইনগত অধিকার আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে
সালাহউদ্দিন আহমদ জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় অনুসন্ধান করছে। আবেদনটি যথাযথ নিয়মে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন করার অধিকার আছে কি না—এসব বিষয় বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।
আইন ও বিধিবিধান পর্যালোচনা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
শেখ হাসিনাকে প্রত্যর্পণে চিঠি পাঠিয়েছে সরকার
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি অন্য দেশে অবস্থান করলে সংশ্লিষ্ট দেশের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠানো হয়েছে। প্রত্যর্পণ চুক্তি ও প্রচলিত আইন অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ককটেল বিস্ফোরণ ও নাশকতা প্রসঙ্গে যা বললেন মন্ত্রী
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাস ও স্থাপনায় হামলার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, পতিত শক্তি দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটছে।
এসব ঘটনায় পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার চেষ্টা করছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
জাতীয় রাজনীতি, আইনশৃঙ্খলা ও সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন তথ্য প্রকাশ।
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 




















