২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ম্যাটস, বাগেরহাট শাখা।
শুক্রবার (১৩ নভেম্বর) বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও হেল্প ডেস্কের কার্যক্রম নিয়ে আগ্রহ ও সাড়া দেখা যায়।
হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা, তথ্য ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে খাবার পানি, কলম, নববর্ষের ক্যালেন্ডার, স্টিকার ও সংগঠনের পরিচিতিমূলক উপকরণ বিতরণ করা হয়।
দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে ব্যক্তিগত সামগ্রী নিয়ে যেন কোনো সমস্যায় পড়তে না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
- চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ
- ডিএমএফ কোর্স চলছে, নিয়োগে অনিশ্চয়তা: SACMO পদ নিয়ে সরকারের পদক্ষেপ কতদূর?
এ লক্ষ্যে পরীক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ, ঘড়ি, বইসহ প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী নিরাপদে জমা রাখার ব্যবস্থা করা হয়। ফলে এসব সামগ্রীর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান শিক্ষার্থীরা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ম্যাটস, বাগেরহাট শাখার সভাপতি মোঃ নাহিদ মাহমুদ ও সেক্রেটারি মোঃ হাসান মাহমুদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ম্যাটস ক্যাম্পাসের দায়িত্বশীলদের পাশাপাশি ছাত্রশিবিরের বাগেরহাট শহর অঞ্চল ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।
হেল্প ডেস্কে আসা কয়েকজন অভিভাবকও এ উদ্যোগের প্রশংসা করেন। ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, পানি, কলম এবং ব্যক্তিগত সামগ্রী সংরক্ষণের সুযোগ করে দেওয়াকে শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষাকেন্দ্রিক ভোগান্তি কমানো এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও এ ধরনের কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটির ম্যাটস, বাগেরহাট শাখা।
আরও পড়ুন: তথ্য প্রকাশের শিক্ষাঙ্গন বিভাগের সর্বশেষ সংবাদ | ভর্তি ও শিক্ষাবিষয়ক খবর
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 


















