চট্টগ্রামে এবার চোরের হাত থেকে রেহাই পেল না পুলিশের গাড়িও! সড়কের পাশে টহল পিকআপ রেখে পুলিশ সদস্যরা ক্যান্টিনে খেতে গিয়েছিলেন। মাত্র ১০ মিনিট পর ফিরে এসে দেখেন, গাড়িটি উধাও! পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিন এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া গাড়িটি হালিশহর থানা পুলিশের টহল পিকআপ ভ্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানা পুলিশের একটি টহল দল দায়িত্ব পালনকালে দুপুরের খাবার খেতে জেলা পুলিশ লাইন্সের প্রধান ফটকের পাশে অবস্থিত পুনাক ক্যান্টিনে যায়। টহল দলের নেতৃত্বে ছিলেন এসআই দেলোয়ার হোসেন। তাঁর সঙ্গে দুই কনস্টেবল ও গাড়ির চালক ছিলেন।
তারা পিকআপ ভ্যানটি সড়কের পাশে রেখে ক্যান্টিনে প্রবেশ করেন। আনুমানিক ১০ মিনিট পর খাবার শেষে বাইরে এসে দেখেন, সেখানে গাড়িটি নেই।
পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনার একটি চিত্র পাওয়া যায়। ফুটেজে দেখা যায়, পুলিশ সদস্যরা ক্যান্টিনে প্রবেশ করার পরপরই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে পিকআপ ভ্যানটির দরজা খোলেন। এরপর গাড়িতে উঠে সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।
ঘটনার পরপরই চুরি হওয়া গাড়িটি উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশের গাড়িই নিরাপদ নয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
পুলিশের টহল গাড়ি চুরির এ ঘটনা নগরীর সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। যে পুলিশ বাহিনীর দায়িত্ব সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, সেই পুলিশের গাড়িই যদি প্রকাশ্য সড়ক থেকে চুরি হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়ির নিরাপত্তা কতটা নিশ্চিত—এমন প্রশ্ন দেখা দিয়েছে।
চট্টগ্রামে এর আগেও গাড়ি চুরি ও চোর চক্রের তৎপরতার ঘটনা সামনে এসেছে। এ বিষয়ে তথ্য প্রকাশ-এর চট্টগ্রামে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তারের প্রতিবেদন এবং চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানসংক্রান্ত প্রতিবেদন পড়তে পারেন।
এ ঘটনায় গাড়ির নিরাপত্তা নিশ্চিত করা, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা জোরদারের দাবি উঠেছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 




















