দীর্ঘ বিমানযাত্রায় সময় কাটানোর অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে সিনেমা দেখা। যাত্রীদের বিনোদনের চাহিদা পূরণ করতে বিমান সংস্থাগুলোও তাদের আসনের পেছনে যুক্ত করছে আধুনিক স্ক্রিন, যেখানে থাকছে সিনেমা, টেলিভিশন অনুষ্ঠান, গান ও গেমের বিশাল সংগ্রহ। আর এই প্রবণতাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে গড়ে উঠেছে কয়েক বিলিয়ন ডলারের নতুন ব্যবসায়িক বাজার।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে সিনেমা হলে প্রায় ৪৯৮ কোটি টিকিট বিক্রি হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) হিসাব অনুযায়ী, উড়োজাহাজে যাতায়াত করেছেন প্রায় ৪৯৭ কোটি মানুষ। অর্থাৎ সিনেমা হলের দর্শকসংখ্যা ও আকাশপথে ভ্রমণকারীর সংখ্যা প্রায় সমান।
বিনোদনসেবা সরবরাহকারী প্রতিষ্ঠান টেরি স্টেইনার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট টেরি স্টেইনারের মতে, বিমান সংস্থাগুলোর কাছে যাত্রীদের বিনোদন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর জন্যও এটি বড় একটি বাণিজ্যিক ক্ষেত্র।
১৯৯৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার সময় বিমানে বিনোদনের সুযোগ ছিল বেশ সীমিত। তখন সাধারণত কেবিনের সামনের দিকে একটি বড় পর্দায় কয়েকটি সিনেমা দেখানো হতো। প্রযুক্তির অগ্রগতিতে সেই ব্যবস্থা এখন অনেকটাই বদলে গেছে। ব্যক্তিগত স্ক্রিনে নিজের পছন্দ অনুযায়ী সিনেমা বা অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছেন যাত্রীরা।
স্টেইনারের প্রতিষ্ঠান চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ও বিমান সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে। বর্তমানে প্রায় ১০০টি বিমান সংস্থাকে বিনোদনসেবা দেওয়ার পাশাপাশি হাসপাতাল, কারাগার, বিশ্ববিদ্যালয়, প্রমোদতরী এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতেও বিনোদনসামগ্রী সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান মার্কেটসঅ্যান্ডমার্কেটসের পূর্বাভাস অনুযায়ী, বিমানে বিনোদন ও ইন্টারনেট সংযোগসেবার বাজার ২০১৫ সালের ২৮৫ কোটি ডলার থেকে বেড়ে ২০২৬ সালে প্রায় ৯৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
বিমান সংস্থাগুলোতে তারবিহীন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এ প্রবৃদ্ধির অন্যতম কারণ। বিনামূল্যের ওয়াই-ফাই এবং ডিজিটাল কনটেন্ট ব্যবহারের সুযোগ বাড়ায় যাত্রীরা এখন নিজেদের পছন্দমতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকেও অনুষ্ঠান দেখতে পারছেন।
তবে স্ট্রিমিং সেবার প্রসারকে নিজেদের ব্যবসার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন না স্টেইনার। তার মতে, অনলাইন প্ল্যাটফর্ম ও বিমানের বিনোদনসেবার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বিমানের বিনোদন ব্যবস্থায় এমন অনেক নতুন সিনেমা রাখা হয়, যেগুলো একই সময়ে অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায় না।
তার ভাষায়, এই ব্যবসার ভবিষ্যৎ এখনো উজ্জ্বল এবং আগামী বহু বছর এর চাহিদা থাকবে।
বিমানের বিনোদন তালিকায় সব ধরনের সিনেমা সমান জনপ্রিয় নয়। যাত্রীদের পছন্দ, ভ্রমণের পরিবেশ এবং বিমান সংস্থার নীতিমালা বিবেচনায় নিয়ে সিনেমা নির্বাচন করা হয়। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক যাত্রীদের সুবিধার্থে যুক্ত করা হয় বিভিন্ন ভাষার সাবটাইটেল। প্রয়োজনে সম্পাদনাও করা হয়।
স্টেইনারের মতে, ভৌতিক ও অতিরিক্ত রোমাঞ্চকর সিনেমা বিমানে দেখানোর জন্য খুব একটা উপযোগী নয়। বিশেষ করে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা এড়িয়ে চলাই ভালো।
অন্যদিকে কমেডি, রোমান্টিক কমেডি, পারিবারিক গল্প এবং জনপ্রিয় বড় বাজেটের সিনেমার প্রতি যাত্রীদের আগ্রহ বেশি থাকে। তবে কখনো কখনো স্বল্প বাজেটের শিল্পধর্মী সিনেমাও অপ্রত্যাশিতভাবে জনপ্রিয় হয়ে ওঠে।
আবার প্রেক্ষাগৃহে ব্যাপক সাফল্য পাওয়া কোনো সিনেমা বিমানের বিনোদন তালিকায় জায়গা নাও পেতে পারে। অতিরিক্ত সহিংসতা, যৌন দৃশ্য কিংবা সংবেদনশীল বিষয়বস্তুর কারণে বিমান সংস্থাগুলো এমন সিনেমা প্রদর্শনে অনাগ্রহী হতে পারে।
বিমানযাত্রায় সিনেমা দেখার অভ্যাস এখন আর শুধু সময় কাটানোর মাধ্যম নয়; এটি একধরনের সাংস্কৃতিক অভ্যাসে পরিণত হয়েছে। এ নিয়ে বিভিন্ন ব্লগ ও বিশেষায়িত ওয়েবসাইটে নিয়মিত আলোচনা ও পরামর্শ প্রকাশিত হচ্ছে।
দীর্ঘ বিমানযাত্রাকে অনেকেই পুরোনো ও বিখ্যাত সিনেমা দেখার বিশেষ সুযোগ হিসেবে বিবেচনা করেন। গত সেপ্টেম্বরে প্রকাশিত এক নিবন্ধে হার্পারস বাজার দীর্ঘ ফ্লাইটে দেখার জন্য কয়েকটি ধ্রুপদি সিনেমার পরামর্শ দেয়। সেই তালিকায় ছিল ১৯৪২ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী চলচ্চিত্র ‘ক্যাসাব্লাঙ্কা’।
স্টেইনার নিজেও বিমানে ভ্রমণের সময় আগে কখনো দেখেননি, এমন সিনেমা বেছে নিতে পছন্দ করেন।
বিমানের বিনোদনশিল্পের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এ খাতের স্বীকৃতি নিয়েও আলোচনা তৈরি হয়েছে। একদিন বিমানে প্রদর্শনের জন্য নির্মিত বা নির্বাচিত সিনেমার ক্ষেত্রে আলাদা অস্কার বিভাগ চালু হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্টেইনার।
তার মতে, এমন উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে দারুণ আনন্দের বিষয়।
প্রযুক্তির পরিবর্তন, আন্তর্জাতিক বিমানযাত্রীর সংখ্যা বৃদ্ধি এবং নতুন সিনেমার বৈশ্বিক বাজার সম্প্রসারণ—সব মিলিয়ে বিমানের বিনোদনশিল্প আগামী দিনগুলোতে আরও বড় বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করতে পারে। ফলে হলিউডের জন্যও আকাশপথ এখন সিনেমা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ নতুন ক্ষেত্র।
সূত্র: এএফপি।
বিনোদন ডেস্ক 




















