নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদে বালু উত্তোলনের সময় দুই নৌকার সংঘর্ষে রিফাত (২০) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর (গন্দিরগাঁও) গ্রামের সেকুল মিয়ার ছেলে। তিনি জীবিকার তাগিদে কলমাকান্দা এলাকায় বালু শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে শ্রমিকরা নৌকায় করে মহাদেও নদে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে রিফাতদের নৌকায় ধাক্কা দিলে দুই নৌকার মাঝখানে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নেত্রকোনা প্রতিনিধি 















