হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। নতুন এ কেন্দ্রের মাধ্যমে নাগরিকেরা সহজে ও এক জায়গা থেকেই বিভিন্ন ধরনের ভূমিসেবা নিতে পারবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এ কেন্দ্র থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি (মিউটেশন), খতিয়ান, মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমিসংক্রান্ত অভিযোগ দাখিলসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।
তিনি আরও জানান, নতুন কেন্দ্রটি চালুর ফলে জেলায় মোট ভূমিসেবা কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫১টিতে। প্রতিটি কেন্দ্রে তিনজন করে কর্মচারী রয়েছেন। তাঁদের জেলা প্রশাসনের উদ্যোগে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে সেবাপ্রার্থীরা হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সেবা পান।
কেন্দ্রের উদ্যোক্তাকে সতর্ক করে জেলা প্রশাসক বলেন, নির্ধারিত শর্ত মেনে নাগরিকদের ভূমিসেবা নিশ্চিত করতে হবে। সেবা প্রদানে শর্তের ব্যত্যয় ঘটলে চুক্তি বাতিলের মতো ব্যবস্থা নেওয়া হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাছুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, কেন্দ্রীয় কৃষিবিদ ইনস্টিটিউটের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব একেএম মাহাবুল আলম এবং গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নতুন এ উদ্যোগের মাধ্যমে ভূমিসেবা গ্রহণে নাগরিকদের ভোগান্তি কমবে এবং সেবাপ্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করছে জেলা প্রশাসন।
আরও পড়ুন: স্থানীয় প্রশাসন ও জনসেবাবিষয়ক খবর জানতে ভিজিট করুন তথ্য প্রকাশ।
ময়মনসিংহ প্রতিনিধি 



















