আট দফা দাবি আদায় এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে ভাঙচুর, সড়ক অবরোধ ও টায়ার জ্বালানোর ঘটনা ঘটে। এ সময় কয়েকটি স্থাপনার নামফলক ভাঙচুর এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙানোর ঘটনাও ঘটে।
১৯ নভেম্বর দলটির ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার প্রস্তুতির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল বের করা হয় বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকাল থেকেই গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন এলাকা ও আশপাশের ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।
একই সময়ে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের করা হয়।
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে আসেন। এসব মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের কারও কারও হাতে লাঠি, বৈঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। মিছিলগুলো একপর্যায়ে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় এসে মিলিত হয়।
সেখানে সমবেত হওয়ার পর নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিলের উপস্থিতিতে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
পরে পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে জাতীয় পতাকা, লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লম নিয়ে মিছিলকারীরা শহরের ব্যাংকপাড়ায় অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হন। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
বিক্ষোভ চলাকালে শহরের জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে থাকা নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে, শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ মিছিলের শেষ পর্যায়ে নেতাকর্মীরা ব্যাংকপাড়ায় অবস্থিত দীর্ঘদিন ধরে তালাবদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছান। পরে তাঁরা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।
উল্লেখ্য, ১৯ নভেম্বরের সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জে এ বিক্ষোভ আয়োজন করা হয়। তবে ভাঙচুর, সড়ক অবরোধ এবং জনসাধারণের চলাচলে সৃষ্ট বিঘ্নের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
আরও পড়ুন: দেশের রাজনীতি ও সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলির খবর
তথ্য প্রকাশ | সংবাদে সত্য, তথ্যে নির্ভরতা।
গোপালগঞ্জ প্রতিনিধি 


















