জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ স্পিকারের কার্যালয়ে এ আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা, নির্বাচন, সংসদীয় গণতন্ত্র, গণতান্ত্রিক সংস্কার এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবেই গণতন্ত্র ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও অধিকার আদায়ের লক্ষ্যে দেশের মানুষ জীবন উৎসর্গ করেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা দীর্ঘ সময় অধরা ছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হয় বলে তিনি উল্লেখ করেন।
বিগত জাতীয় নির্বাচনগুলোর প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব ঘটনার ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের অবসান ঘটে।
তিনি দাবি করেন, পরবর্তীতে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হয়েছে। জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ দায়িত্ব পালন করছে বলেও তিনি মন্তব্য করেন।
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার ও সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বর্তমান প্রজন্মের দায়বদ্ধতা পূরণ করা সম্ভব হবে।
তিনি বলেন, একটি শক্তিশালী, কার্যকর ও গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা এবং সংসদীয় গণতন্ত্রকে আরও সুদৃঢ় করা সম্ভব।
বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সাধারণ পরিষদে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা সংক্রান্ত মামলার নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইপিইউ প্রতিনিধিদলের সদস্যরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 








