বাংলাদেশের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) উদ্বোধনের আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দেশের সংসদীয় নেতারা।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদারে পার্লামেন্টারি ডিপ্লোমেসির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের সংসদের মধ্যে নিয়মিত যোগাযোগ, সংলাপ ও প্রতিনিধিদল বিনিময় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
বৈঠক শেষে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিককে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জবাবে পাকিস্তানের স্পিকার বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 


















