রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
রাষ্ট্রদূত বলেন, রূপপুর প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানের লক্ষ্যে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত। পাশাপাশি মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
রাষ্ট্রদূত জানান, আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে বিজনেস কাউন্সিল ও ফোরাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মস্কোর ব্যবসায়ী ফোরামে বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রোফাইল অনুযায়ী সরাসরি ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠক ও বিভিন্ন সেশনের আয়োজন করা হবে।
বাংলাদেশ-রাশিয়া বাণিজ্য সম্প্রসারণে তৈরি পোশাকের পাশাপাশি নতুন খাতগুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক। তিনি রাশিয়ার বাজারে বাংলাদেশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে রাশিয়ায় মানবসম্পদ রপ্তানির ওপরও গুরুত্ব দেন তিনি।
জবাবে আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি ও প্রক্রিয়াগত বিষয় পর্যালোচনা করছে। এছাড়া রাশিয়ার শীতপ্রধান আবহাওয়ার উপযোগী ভারী জুতা ও চামড়াজাত পণ্যের বাজারে চাহিদা রয়েছে বলে জানান তিনি।
কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক সময়ে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।
এদিকে একই দিনে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি। তিনি জানান, আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’ অনুষ্ঠিত হবে।
মেলায় এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর জন্য আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার হাইকমিশনার। এতে ইতিবাচক সাড়া দেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
দুই বৈঠকেই এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর এবং রুশ দূতাবাস ও শ্রীলঙ্কান হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 
















