দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও মাঠে ফিরেছে দেশের ঘরোয়া হকি। রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার প্রথম বিভাগ হকি লীগ-২০২৬-এর উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশে নিয়মিত ঘরোয়া হকি লীগ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে ধন্যবাদ জানান।
বিমান বাহিনী প্রধান ঘরোয়া হকির ধারাবাহিকতা বজায় রাখতে ক্লাব, স্পন্সর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিযোগিতায় অংশ নেওয়ার নির্দেশনা দেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে লীগের উদ্বোধন করেন।
এবারের প্রথম বিভাগ হকি লীগে মোট ১১টি ক্লাব অংশ নিচ্ছে। দলগুলো হলো—ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু-কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার এসসি ও ঢাকা ইয়াং স্টার ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তা এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর কর্মকর্তা ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ বিরতির পর ঘরোয়া হকি মাঠে ফেরায় দেশের হকিতে নিয়মিত প্রতিযোগিতা আয়োজন ও খেলোয়াড়দের প্রতিভা বিকাশের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
দেশের অন্যান্য ক্রীড়া সংবাদ পড়তে ভিজিট করুন তথ্য প্রকাশের খেলাধুলা বিভাগ।
আরও খবরের জন্য ভিজিট করুন তথ্য প্রকাশ।
খেলাধুলা ডেস্ক 


















