তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’। দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ মেলায় দেশের উৎপাদন ও সেবা খাতের প্রায় ৮০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে। ইতোমধ্যে চাকরিপ্রত্যাশী ১৬ হাজার ৩ জন নিবন্ধন করেছেন। আয়োজকদের প্রত্যাশা, মেলায় প্রায় ২০ হাজার তরুণ-তরুণী অংশ নেবেন।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এ চাকরির মেলার আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ স্থাপন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জব ফেয়ারে আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সংস্থা ও এনজিও খাত থেকে ইউনিসেফ, ডব্লিউএফপি, কম্প্যাশন ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, উদ্দীপন ও আরডিআরএস অংশ নেবে।
শিল্প ও ভোগ্যপণ্য খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, বেক্সিমকো গ্রুপ, ওয়ালটন, এসিআই, মেঘনা গ্রুপের ফ্রেশ, লিরা গ্রুপ, কাজী ফার্মস ও নাবিল গ্রুপ।
ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি খাত থেকে বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ইউসিবি ব্যাংক অংশ নেবে।
ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিত্ব করবে ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিমেড ইউনিহেলথ, নুভিস্তা ফার্মাসিউটিক্যালস এবং নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল।
এ ছাড়া তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, আবাসন ও অন্যান্য সেবা খাত থেকে রবি আজিয়াটা, পাঠাও, ব্রেইন স্টেশন ২৩, নূর টেলিকম, ডায়মন্ড ওয়ার্ল্ড, এইচএল রিয়েল এস্টেট, অঞ্জনা, শিক্ষা ২.০ ও কমুরসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।
মেলায় চাকরিপ্রত্যাশীদের জন্য সরাসরি স্পট ইন্টারভিউ এবং তাৎক্ষণিক চাকরি পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি চাকরির বাজারের চাহিদা অনুযায়ী ক্যারিয়ার গাইডলাইন, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত প্রস্তুতি বিষয়ে অভিজ্ঞ পরামর্শকদের কাছ থেকে দিকনির্দেশনা দেওয়া হবে।
বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, জীবনবৃত্তান্ত প্রস্তুত এবং নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে এ ধরনের আয়োজন তরুণদের জন্য সহায়ক হতে পারে।
আয়োজকদের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ের চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সঙ্গে করপোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন খাতের নিয়োগদাতাদের সরাসরি সংযোগ তৈরি করা। এর মাধ্যমে বেকারত্ব কমানো, তরুণদের মেধা ও দক্ষতার যথাযথ ব্যবহার এবং পিছিয়ে থাকা অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার প্রত্যাশা করা হচ্ছে।
বিশেষ করে দিনাজপুর-৬ আসনসহ উত্তরাঞ্চলের যুবসমাজকে কর্মমুখী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রায় ৮০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ, সরাসরি সাক্ষাৎকারের সুযোগ এবং বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশীর নিবন্ধনের কারণে এ আয়োজন উত্তরাঞ্চলের তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে চাকরিপ্রাপ্তির প্রকৃত সংখ্যা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া ও পদসংখ্যার ওপর।
দিনাজপুর প্রতিনিধি 






















