সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উন্নয়নমূলক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) জামালগঞ্জ উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক/সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা এনজিও সমন্বয়কারী স্বপন নায়েকসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানান সভাপতি শিল্পী রানী মোদক। পরে উপজেলা এনজিও সমন্বয়কারী স্বপন নায়েক বিগত সভার সিদ্ধান্তসমূহ এবং উপজেলার বিভিন্ন এনজিওর চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, উপজেলা পর্যায়ে সরকারের উন্নয়নমূলক লক্ষ্যমাত্রা অর্জন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে এনজিওগুলোর ভূমিকা প্রশংসনীয়। তবে মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে একই ধরনের কাজের পুনরাবৃত্তি বা দ্বৈততা এড়ানো এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, এনজিওগুলোকে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি নিয়মিত প্রতিবেদন দাখিল এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, কৃষকদের জীবনমান উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগের পাশাপাশি এনজিওগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি কৃষিবিষয়ক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কৃষি বিভাগের পরামর্শ ও কারিগরি সহায়তা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এর মাধ্যমে কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তি ও উন্নত কৃষি পদ্ধতির সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জামালগঞ্জ উপজেলায় উন্নয়ন কার্যক্রমের কার্যকর বাস্তবায়ন, সরকারি দপ্তর ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
শিক্ষানবিশ প্রতিনিধি, জামালগঞ্জ 




















