শিশুদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভার বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শুক্রবার (সকাল ১১টা) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের খুলনা মহানগর শাখার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ করে দিতে হবে। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের প্রতিও অভিভাবকদের বিশেষ গুরুত্ব দিতে হবে। পারিবারিক ও সামাজিক পরিবেশের কারণে কোনো শিশু যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, শিশুদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও আসক্তি উদ্বেগজনক হয়ে উঠছে। এ প্রবণতা কমিয়ে তাদের খেলাধুলা, বই পড়া, সাংস্কৃতিক চর্চা ও অন্যান্য ইতিবাচক কাজে উৎসাহিত করতে হবে। শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা। এ সময় উপদেষ্টা সভাপতি অধ্যাপক ড. শাহ আলম, উপদেষ্টা কোষাধ্যক্ষ ডা. এহসানুল কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও বৃক্ষরোপণসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
উল্লেখ্য, ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’—এই স্লোগানকে ধারণ করে ফুলকুঁড়ি আসর শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে।
খুলনা প্রতিনিধি 



















