জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সংসদীয় পর্যায়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্পিকার তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।
এ সময় দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদ সদস্যদের পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। পাশাপাশি পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
স্পিকার আসন্ন জাতীয় সংসদ অধিবেশন পর্যবেক্ষণের জন্য পাকিস্তানের হাইকমিশনারকে আমন্ত্রণ জানান।
এদিকে পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের।
বৈঠকে পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 


















