বলিউড অভিনেত্রী অর্চনা পুরাণ সিং ও অভিনেতা পারমিত শেঠির পরিবারে আনন্দের খবর। দীর্ঘদিনের প্রেমিকা সমীক্ষা শেঠির সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তাঁদের ছোট ছেলে আয়ুষ্মান শেঠি। ইতালির মনোরম দ্বীপ ক্যাপ্রিতে বিশেষ আয়োজনের মাধ্যমে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।
বাগদানের বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আয়ুষ্মান ও সমীক্ষা। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে সেই বিশেষ আয়োজনের ভিডিও ও ভ্লগ প্রকাশ করেছেন আয়ুষ্মান। তাঁদের আনন্দঘন মুহূর্তগুলো দেখে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
প্রেমিকাকে চমকে দিতে ইতালির ক্যাপ্রিকে বেছে নিয়েছিলেন আয়ুষ্মান। ছুটি কাটানোর জন্য সেখানে যাওয়ার আগেই পুরো আয়োজনের পরিকল্পনা করেন তিনি। এমনকি বাগদানের আংটিটিও নিজের ব্যাগে লুকিয়ে নিয়ে যান।
আয়ুষ্মানের পরিকল্পনা অনুযায়ী, ক্যাপ্রির সর্বোচ্চ শৃঙ্গ মন্টে সোলারোতে হাইকিং করতে যান তাঁরা। সেখানে সমীক্ষার জন্য বুনো ফুল সংগ্রহ করেন তিনি। এরপর ভিডিও রিল তৈরির অজুহাতে একটি ট্রাইপড স্থাপন করেন। সমীক্ষা তখনো বুঝতে পারেননি, তাঁর জন্য কত বড় চমক অপেক্ষা করছে।
একপর্যায়ে এক হাঁটু গেড়ে বসে সমীক্ষাকে বিয়ের প্রস্তাব দেন আয়ুষ্মান। পুরো মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয়। পরে সেই ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন তিনি।
বাগদানের ছবি শেয়ার করে আয়ুষ্মান ও সমীক্ষা একটি আবেগঘন বার্তাও দিয়েছেন। সেখানে তাঁরা লিখেছেন, পৃথিবীতে অসংখ্য জায়গা ও ভিন্ন ভিন্ন জীবন বেছে নেওয়ার সুযোগ থাকলেও ভাগ্য তাঁদের একসঙ্গে মিলিয়েছে। প্রতিটি জীবনেই তাঁরা একে অপরকে বেছে নিতে চান।
তাঁদের ভাষায়, একসঙ্গে থাকলেই প্রতিটি জীবন সুন্দর হয়ে ওঠে। ভবিষ্যতের প্রতিটি মুহূর্তও এভাবেই পাশাপাশি কাটানোর প্রত্যাশা তাঁদের।
নিজের ভ্লগে আয়ুষ্মান জানিয়েছেন, সমীক্ষা তাঁর জীবনকে আরও সহজ ও আনন্দময় করে তুলেছেন। তাঁর জীবনে নতুন নতুন রোমাঞ্চ যোগ করেছেন এই প্রেমিকা।
দেড় বছরের প্রেম, এবার বাগদান
জানা গেছে, প্রায় দেড় বছর ধরে সম্পর্কে রয়েছেন আয়ুষ্মান ও সমীক্ষা। যোগ প্রশিক্ষক সমীক্ষার সঙ্গে আয়ুষ্মানের পরিচয় করিয়ে দেন অভিনেত্রী যোগিতা বিহানি।
এদিকে, ছেলে ও সমীক্ষার সম্পর্ক নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন অর্চনা পুরাণ সিংও। সম্প্রতি একটি পারিবারিক ভ্লগে তাঁদের সম্পর্কের প্রশংসা করেন তিনি। পাশাপাশি আয়ুষ্মানকে এই সুন্দর সম্পর্ক যত্ন করে আগলে রাখার পরামর্শ দেন।
সব মিলিয়ে ইতালির ক্যাপ্রিতে আয়োজিত এই বিশেষ মুহূর্ত আয়ুষ্মান ও সমীক্ষার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করল। তাঁদের বাগদানের খবরে আনন্দিত দুই পরিবারের সদস্য থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরাও।
বিনোদন ডেস্ক 



















