ঢাকা ও পাবনার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন। বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবে রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের পর ট্রেন দুটি চালুর চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুমোদিত সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।
অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবে। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনটি রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
দুই ট্রেনের যাত্রাপথে দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি থাকবে। ফলে এসব এলাকার যাত্রীরাও নতুন এই রেলসেবার সুবিধা নিতে পারবেন।
আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর ট্রেন চলাচলের নতুন অধ্যায় শুরু হবে।
সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক পরিবহনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে নতুন এই ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, ট্রেন দুটি চালু হলে ঢাকা ও পাবনার মধ্যে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি পথের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
নতুন এই রেলসেবা পাবনাবাসীর দীর্ঘদিনের আন্তঃনগর যোগাযোগের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাবনা প্রতিনিধি 

















