ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ প্রতিযোগিতায় অংশ নিতে আজ রাতে ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় টেনিস দল। এবারের আসরে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিবিড় প্রশিক্ষণ ও পূর্ণ প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামী ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ভিয়েতনামের ফান থিয়েতে অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সের আউটডোর হার্ড কোর্টে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই আসরে স্বাগতিক ভিয়েতনামসহ মোট ১৫টি দেশ অংশগ্রহণ করবে।
অংশগ্রহণকারী দেশগুলো হলো—ভিয়েতনাম, বাংলাদেশ, বাহরাইন, ভুটান, ব্রুনাই, গুয়াম, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, প্যাসিফিক ওশেনিয়া, তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
প্রতিযোগিতায় অংশ নিতে চার খেলোয়াড় ও একজন কর্মকর্তাসহ পাঁচ সদস্যের বাংলাদেশ দল আজ দিবাগত রাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে।
ডেভিস কাপকে সামনে রেখে জাতীয় টেনিস কমপ্লেক্সে দলের প্রস্তুতির অংশ হিসেবে ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হয়। চীন থেকে আগত কোচ সুকুমার রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ক্যাম্পে খেলোয়াড়দের নিবিড় অনুশীলন করানো হয়েছে।
গত বছরের তুলনায় এবার আরও ভালো ফলাফল অর্জনই বাংলাদেশ দলের মূল লক্ষ্য। যথাযথ প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় দলটি।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন—মোফাজ্জল হোসেন (অধিনায়ক), জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। দলের কর্মকর্তা হিসেবে রয়েছেন মো. শাফিন আহমেদ।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের টেনিসের অবস্থান আরও শক্তিশালী করতে এবারের ডেভিস কাপ দলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।
আরও পড়ুন: বাংলাদেশের ক্রীড়া জগতের সর্বশেষ খবর | জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ
খেলাধুলা ডেস্ক 



















