চট্টগ্রাম মহানগরীতে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয় চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। এ সময় একটি পুরাতন নম্বরবিহীন EICHER ড্রাম ট্রাক উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।
রোববার (৮ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ ও পাহাড়তলী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি ১ নম্বর টিমের পুলিশ পরিদর্শক হাছান আকতার আহমেদ ও আফতাব হোসেন। এতে ডিবি টিম-৩১-এর একটি অভিযানিক দল অংশগ্রহণ করে।
গ্রেফতারকৃতরা হলেন:
১। শওকত আলী (৪২), পিতা: মৃত দেলোয়ার হোসেন, মাতা: মিসেস বানু বেগম। স্থায়ী ঠিকানা: মোহাম্মদপুর রেলগেট, নাহার মঞ্জিল, থানা: পাঁচলাইশ, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা: নোয়াপাড়া চৌধুরীহাট বাজারের উত্তর পাশে ইয়াকুব আলীর বাড়ি, থানা: রাউজান, চট্টগ্রাম।
২। আবু তৈয়ব আলী (২৯), পিতা: মৃত নূর মোহাম্মদ, মাতা: নূর বেগম। ঠিকানা: তবলছড়ি পোড়া বাহার চৌধুরীর বাড়ি, থানা: সদর, জেলা: রাঙ্গামাটি।
৩। আব্বাস উদ্দিন ওরফে আবু মেস্ত্রী (৫৮), পিতা: মৃত সৈয়দুর রহমান, মাতা: মৃত সুলতানা বিবি। স্থায়ী ঠিকানা: দোহাজারী পৌরসভা, আবুল মেম্বার বাড়ি, থানা: চন্দনাইশ, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা: সাগরিকা সেনবাড়ি রোড, আবু মেস্ত্রীর গ্যারেজ, থানা: পাহাড়তলী, চট্টগ্রাম।
পুলিশ সূত্রে জানা যায়, পাঁচলাইশ থানা এলাকায় চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে শওকত আলী ও আবু তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সাগরিকা সেনবাড়ি রোডে আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্যারেজের মিস্ত্রি আব্বাস উদ্দিনকে গ্রেফতার করা হয় এবং একটি পুরাতন নম্বরবিহীন EICHER ড্রাম ট্রাক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্রাকটির মডেল EICHER TERRA25। এর ইঞ্জিন নম্বর 11F63152870 এবং CMVRTR NO-AAF NO-194। গাড়িটির আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরে চোরাই গাড়িগুলো খণ্ডাংশে বিভক্ত করে বিক্রি করত তারা। এ ছাড়া ১ নম্বর আসামি শওকত আলী চোরাই গাড়ি কেনাবেচার পাশাপাশি গাড়ি চোরদের প্ররোচনা দিত বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 


















