যশোরের শার্শায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (১৫ নভেম্বর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম সুমন শার্শা উপজেলার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কারাগারে আটক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এ কে এম হাসানুর রহমান আসাদ।
মামলার বিবরণ অনুযায়ী, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে প্রবেশ করে এক ছাত্রীকে জাপটে ধরেন। এ সময় তিনি ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জোরপূর্বক চুমু খান।
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করেন।
পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগীর বাবা ২০২৩ সালের ১ অক্টোবর শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করেন শার্শা গোড়পাড়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান। তদন্তে আসামির সম্পৃক্ততা পাওয়ার পর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
আরও পড়ুন | তথ্য প্রকাশ
- যশোর প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
- বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ
- যশোরের শার্শায় ধানক্ষেত থেকে অস্ত্র উদ্ধার
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি 


















