চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক আলোচিত ইয়াসিন ওরফে জামাই ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা-ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, ক্যাম্পের পানিতে বিষ মেশানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি ও পেজ ব্যবহার করে পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা চালানোর একটি নেটওয়ার্কের তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন পর্যালোচনা করে ইতোমধ্যে ৩৯টি ফেসবুক পেজ ও আইডির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের বিশেষ আভিযানিক দল গতকাল রাতভর চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান ও মো. আনোয়ার হোসেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, আব্দুর শুক্কুর ইয়াসিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিভিন্ন কর্মকাণ্ড, জমি ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা এবং অন্যান্য কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বলে অভিযোগ রয়েছে।
মেহেদী হোসেন ও সাকিবুল হাসান সম্পর্কে দুই ভাই এবং ইয়াসিনের বোনের ছেলে। তারা ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’র ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন বলে গোয়েন্দা অনুসন্ধানে জানা গেছে। আনোয়ার হোসেনও ইয়াসিনের বোনের ছেলে। বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে পারভেজ মোশারফকে ইয়াসিনের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ইয়াসিনের নির্দেশনায় পরিচালিত এই নেটওয়ার্ক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকেও নিজেদের স্বার্থে ব্যবহার করত বলে অভিযোগ রয়েছে।
‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’সহ বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং সরকারি সিদ্ধান্ত সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করা হতো বলে জানিয়েছে পুলিশ।
পরিকল্পিত পোস্ট প্রকাশ, সমন্বিত লাইক, কমেন্ট ও শেয়ার এবং অর্থের বিনিময়ে পেইড বুস্টিংয়ের মাধ্যমে এসব প্রচারণা ছড়িয়ে দেওয়া হতো। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনবিরোধী মনোভাব তৈরি এবং সরকারি আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ও ডিজিটাল আলামত প্রাথমিকভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, আইডি, যোগাযোগ, অর্থায়ন এবং প্রচারণার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে যেসব নাম ও পেজ গোয়েন্দা নজরদারিতে এসেছে, তার মধ্যে রয়েছে—Mehedi Hossain, Md Mehedi Hossain, Opo Radhi, Mohammad Nayem, সায়েম সোবহান আনভীর, জনগণের নেতা, Bip Lob, MD Omar Faruk, মোহাম্মদ বিনিয়ামিন হাসান, MSH Sakib, MD Shakib Hossain, Mdromjan Ali, Ahmed Ullah Chowdhury, MD Ali, Arif Rahman, জাগ্রত আলী নগর, Bali Bey, সাধারণ জনগণ, Delowar Hossain, Mdalom Marv, নুসন্ধান 2.0, আলীনগর প্রিমিয়ার লীগ, নাগরিকবার্তা ২৪, Amara Aria, Md Ali (Page Admin), Ariyan Ahmand, এমএইচ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এমএমটিভি মিডিয়া, বেস্ট মোটিভেশন, জঙ্গল সলিমপুর নিউজ ২৪, মোহাম্মদ পারভেজ, নিলয় পারভেজ, আলীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, জঙ্গল সলিমপুর মিডিয়া সেল, The Daily First Sun এবং The Daily News।
এ ছাড়া সংশ্লিষ্ট আরও কয়েকটি আইডি ও পেজ গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোন পর্যালোচনায় ইতোমধ্যে ৩৯টি পেজ ও আইডি পাওয়া গেছে। এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অপরাধের সংশ্লিষ্টতা ও অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জঙ্গল সলিমপুরের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী গোষ্ঠীর ভয়ভীতি ও প্রভাবমুক্ত পরিবেশ তৈরি, সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা এবং ভূমি দখল, অবৈধ বাণিজ্য ও প্রতারণা প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশ কাজ করছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের অপরাধপ্রবণতা ও সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ বসবাস, নির্বিঘ্ন চলাচল এবং আইনসম্মত অধিকার নিশ্চিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
এ লক্ষ্যে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এলাকায় ছয়টি সড়ক নির্মাণের কাজ দৃশ্যমান হয়েছে, যা স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে।
চট্টগ্রামের অন্যান্য এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সম্পর্কিত প্রতিবেদন পড়ুন: রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ে পুলিশের অভিযান: ৬ জন আটক, ৪ মোটরসাইকেল জব্দ।
এ ছাড়া চট্টগ্রামে ডিবি পুলিশের বিভিন্ন অভিযান ও গ্রেপ্তারের খবর পড়তে পারেন।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, মিথ্যা তথ্য ও অর্থের বিনিময়ে পরিকল্পিত প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা সরকারি সিদ্ধান্ত ও আইনানুগ কার্যক্রমের বিরুদ্ধে সাধারণ মানুষকে উসকে দেওয়ার চেষ্টা বরদাশত করা হবে না।
কোনো অপরাধী গোষ্ঠী অপপ্রচারকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রের আইনানুগ কার্যক্রম বাধাগ্রস্ত করতে চাইলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, জঙ্গল সলিমপুরে সাধারণ মানুষের নিরাপত্তা, সরকারি সম্পত্তির সুরক্ষা, ভূমিসংক্রান্ত অপরাধ দমন এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও সংবাদ পড়ুন: তথ্য প্রকাশ | Tottho Prokash
ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি 




















