ফরিদপুরের কোতোয়ালি থানার কানাইপুর এলাকায় একটি পরিত্যক্ত আধাপাকা ভবন থেকে ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
বুধবার কানাইপুরের আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে থাকা পুরোনো ওই ভবনে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবনটিতে তল্লাশি চালায়।
এসআরবি-১০-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবনটিতে পরিত্যক্ত অবস্থায় এসব সামগ্রী পাওয়া যায়। প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা শর্টগানের কার্তুজগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলার সময় লুট হওয়া পুলিশের গোলাবারুদের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে এসআরবি-১০।
উদ্ধার করা কার্তুজ, টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেডের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি 









