অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজে দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি।
সম্প্রতি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন জ্যোতি। সেই অনুযায়ী অস্ট্রেলিয়া সফরেও তাঁর ওপরই রাখা হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। নাহিদা আক্তারকে করা হয়েছে সহ-অধিনায়ক।
আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। ব্রিসবেনে পৌঁছে ৬ অক্টোবর কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এরপর শুরু হবে মূল ওয়ানডে সিরিজ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ৯, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।
সিরিজের শেষ ম্যাচের পর ১৫ অক্টোবর দেশে ফেরার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া ছাড়বে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ নারী দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
খেলাধুলা ডেস্ক 









