যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত আরও ২৫ জন অভিবাসী পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় পৌঁছেছেন। শুক্রবার রাতে দেশটিতে অবতরণ করা এই দলের মধ্যে দুজন নারী রয়েছেন। লাইবেরিয়ার সরকারি পুনর্বাসন কমিশনের বরাতে শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
লাইবেরিয়ার প্রত্যাবাসন, পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণ কমিশনের (এলআরআরআরসি) একজন প্রতিনিধি জানান, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে অভিবাসীদের বহনকারী দলটি দেশটিতে পৌঁছায়। তাদের অধিকাংশই দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। তবে অভিবাসীদের নির্দিষ্ট জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিবাসনবিষয়ক কঠোর নীতির অংশ হিসেবে তৃতীয় কোনো দেশে অভিবাসী পাঠানোর কার্যক্রম চলছে। গত চার মাসে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের কয়েকটি দল লাইবেরিয়ায় পৌঁছেছে।
সম্প্রতি লাইবেরিয়া সরকার জানিয়েছে, আগামী এক বছরে দেশটি সর্বোচ্চ ১ হাজার ২০০ জন বিদেশি নাগরিককে গ্রহণ করবে। এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের জন্য লাইবেরিয়া একটি গন্তব্য হিসেবে যুক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে সম্মত হওয়া আফ্রিকার অন্যান্য দেশের মধ্যে রয়েছে সিয়েরা লিওন, নিরক্ষীয় গিনি, ঘানা, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, ক্যামেরুন, এসওয়াতিনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো।
বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতার আওতায় আর্থিক সহায়তা, পরিবহন এবং প্রয়োজনীয় লজিস্টিক সুবিধার বিষয়ও রয়েছে।
৫ মিলিয়ন ডলারের সহায়তা নিয়ে বিতর্ক
অভিবাসীদের গ্রহণের বিনিময়ে আর্থিক লেনদেনের বিষয়টি নিয়েও আলোচনা তৈরি হয়েছে। লাইবেরিয়া সরকার এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ব্যক্তিদের গ্রহণে সম্মতি দেওয়ার জন্য তারা কোনো ক্ষতিপূরণ দাবি করেনি কিংবা আর্থিক পুরস্কারের প্রতিশ্রুতিও পায়নি।
তবে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস সরকারি নথির বরাত দিয়ে জানিয়েছে, লাইবেরিয়াকে ৫০ লাখ মার্কিন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। অভিবাসীদের গ্রহণের বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রতিশ্রুতির পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদনে এই অর্থ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে লাইবেরিয়া সরকারের বক্তব্য এবং নিউইয়র্ক টাইমসের প্রকাশিত তথ্যের মধ্যে আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে পার্থক্য রয়েছে। ফলে চুক্তির আর্থিক দিকটি নিয়ে প্রশ্নও তৈরি হয়েছে।
তৃতীয় দেশে অভিবাসী পাঠানোর এই কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে যেসব দেশে পাঠানো হচ্ছে, সেসব দেশের সঙ্গে অভিবাসীদের পূর্ববর্তী কোনো সম্পর্ক না থাকায় তাদের নিরাপত্তা, অধিকার এবং ভবিষ্যৎ পুনর্বাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকারকর্মী।
তথ্যসূত্র: এএফপি, দ্য নিউইয়র্ক টাইমস।
আরও আন্তর্জাতিক সংবাদ পড়ুন: তথ্যপ্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক 




















