পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তার লক্ষ্যে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ বিষয়ে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন রয়েছে।
পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। তিনি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়, অনাবাসী বাংলাদেশিদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রীর অর্পিত অন্যান্য দায়িত্ব দেখভাল করবেন।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-সংক্রান্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া তার দায়িত্বের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও রয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনায় সহায়তা করার উদ্দেশ্যেই দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্বগুলো ভাগ করে দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















