দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত প্রদানের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম এক পত্রের মাধ্যমে গত বৃহস্পতিবার এ নির্দেশনা দেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো ধর্ম মন্ত্রণালয়ে চিঠিতে হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ এর ১৫ অনুচ্ছেদের ১৭ ও ১৮ নম্বর ক্রমিকের অনুশাসন প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সূত্রোক্ত পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়।
হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ এর ১৫ অনুচ্ছেদের ১৮ নম্বর ক্রমিক মোতাবেক দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতা কিংবা ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে কোনো হজযাত্রীর গমন সম্ভব না হলে এয়ারলাইন্সসমূহ হজযাত্রীকে প্রতিস্থাপন সুবিধা প্রদান করবে।
এক্ষেত্রে উল্লিখিত কারণে উক্ত হজযাত্রীর সঙ্গে সহগামী হিসেবে নিবন্ধিত পরিবারের কোনো সদস্য হজে গমন করতে না পারলে সহগামী হজযাত্রীকেও প্রতিস্থাপন সুবিধা প্রদান করা প্রয়োজন।
পত্রে আরো বলা হয়, দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতা বা ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে কোনো হজযাত্রীর গমন সম্ভব না হলে, উক্ত হজযাত্রীর সঙ্গে সহগামী হিসেবে নিবন্ধিত পরিবারের কোনো সদস্য হজে গমন করতে না পারলে সহগামী হজযাত্রীর বিমান টিকেট প্রতিস্থাপন ও বিমান ভাড়ার অর্থ ফেরত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, প্রতিস্থাপনের ফলে এয়ারলাইন্সের নির্ধারিত কোটার কোনো হ্রাস বা বৃদ্ধি হবে না।
ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৭ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন।
গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট চালু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শারীরিক অসুস্থতা, নির্ধারিত সময়ে হজ ফ্লাইট ধরতে না পারাসহ বিভিন্ন কারণে এবারও কিছু সংখ্যক যাত্রী নির্ধারিত ফ্লাইট মিস করেছেন। এ জন্য ধর্ম মন্ত্রণালয়ের এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এতে অনেক ধর্মপ্রাণ হজযাত্রী আর্থিকভাবে উপকৃত হবেন।
নিউজ ডেস্ক 













