বেকারত্ব দূরীকরণ, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিতলমারী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল মোল্লা, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি যুবসমাজ। তাই তরুণদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, বরং সময়োপযোগী কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের কর্মক্ষম করে তুলতে হবে।
তারা আরও বলেন, চাকরির আশায় দীর্ঘদিন অপেক্ষা না করে তরুণদের নিজস্ব মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। ক্ষুদ্র পরিসরে উদ্যোগ গ্রহণ করেও সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।
যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।
যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম তুলে ধরে বক্তারা জানান, বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণ কাজে লাগিয়ে তরুণেরা ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনমুখী উদ্যোগ গ্রহণ করতে পারেন। পাশাপাশি সহজ শর্তে স্বল্প সুদে ঋণ সহায়তা আত্মকর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবকদের হাতে সনদপত্র এবং যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে দক্ষতা অর্জন, উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করা হয়।
আরও পড়ুন: তথ্যপ্রকাশ ডটকমে দেশের বিভিন্ন এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও স্থানীয় সংবাদ।
বাগেরহাট প্রতিনিধি 

















