কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী নয়াপাড়া এলাকায় বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২৫), ঈদগাঁওয়ের পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রফিক (২৮), খুটাখালীর ফুলছড়ি শিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) এবং নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগাঁও থেকে চকরিয়াগামী নম্বরবিহীন একটি যাত্রীবাহী লেগুনা খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটির ছাদ খুলে যায় এবং গাড়িটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় লেগুনায় থাকা নয়জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় মালুমঘাটের হাসপাতালে একজন এবং কক্সবাজার সদর হাসপাতালে তিনজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ঈদগাঁওয়ের নাপিতখালী এলাকার সরোয়ার (১৯), তাঁর বাবা সৈয়দ আলম (৫০), খুটাখালীর নতুন অফিস এলাকার জিয়াবুল হক (৪০), মেধাকচ্ছপিয়া এলাকার দেলোয়ার হোসেন (৩৫) এবং টেকনাফের কিরনতলী এলাকার সৈয়দ করিম (৩০) রয়েছেন।
সরোয়ার, সৈয়দ আলম, জিয়াবুল হক ও দেলোয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। আর সৈয়দ করিম কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কক্সবাজার প্রতিনিধি 
















