তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যব্যয় কমাতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ কর্মসূচি চালু করেছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাবেন।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে প্রাথমিকভাবে ঢাকা মহানগর, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি শুরু হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতি শুক্রবার পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিনে এ কর্মসূচির আওতায় চাল বিক্রি করা হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত দুই দফায় চাল পাওয়া যাবে। তবে বিক্রি নির্ভর করবে মজুতের ওপর।
চাল কিনতে লাগবে কারখানার পরিচয়পত্র
বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র দেখাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।
একজন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
প্রতি শুক্রবার বিক্রি হবে ৩৩০ টন চাল
প্রাথমিকভাবে দেশের পোশাকশিল্প অধ্যুষিত এলাকাগুলোতে ৬৬টি ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ টন চাল বিক্রির জন্য বরাদ্দ রয়েছে।
এর মধ্যে গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ টন, চট্টগ্রামে ১০টি ট্রাকে ৫০ টন, সাভারে আটটি ট্রাকে ৪০ টন, ঢাকা মহানগরে ছয়টি ট্রাকে ৩০ টন এবং ধামরাইয়ে দুটি ট্রাকে ১০ টন চাল বিক্রি করা হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাল বিক্রিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম কাজ করছে।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কেনার ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ তৈরি করা।
শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত আরও খবর পড়ুন তথ্যপ্রকাশের শ্রম ও কর্মসংস্থান বিভাগে। এ ছাড়া দেশের অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি জানতে ভিজিট করুন তথ্যপ্রকাশ।
নিজস্ব প্রতিবেদক | তথ্য প্রকাশ 



















