চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবা ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াকুব আলী রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাম্বল ছড়ারব্রিজ এলাকায় অভিযান চালায় বাঁশখালী থানা পুলিশের একটি দল। এ সময় কালো-সিলভার রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন জিপিএক্স ডেমন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের পাশে বিশেষভাবে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করার পাশাপাশি মোটরসাইকেলটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক পরিবহন, সরবরাহ কিংবা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কাজ করছে পুলিশ।
চট্টগ্রাম প্রতিনিধি 


















